ইবিতে উচ্চশিক্ষায় এক্রিডিটেশন বিষয়ক  প্রেরণামূলক কর্মশালা অনুষ্ঠিত

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং এক্রিডিটেশন প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রেরণামূলক কর্মশালার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির আইকিউএসির সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি প্রফেসর ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডিন, হল প্রভোস্ট এবং বিভাগীয় প্রধানসহ প্রায় দেড় শতাধিক শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনা ও সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের সদস্য ড. এস. এম. কবির। এসময় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাজিমুদ্দিন।
কর্মশালায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া ফ্যাকাল্টি ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সিলেবাস প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করা হয়। বিশ্ববিদ্যালয়ের কিছু কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে নিয়মিত পর্যালোচনা ও রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তার কথা জানান কাউন্সিল সদস্যরা। সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, উচ্চশিক্ষায় মান নিশ্চিতকরণ এবং স্বীকৃতির মাধ্যমে একাডেমিক উৎকর্ষ অর্জনের জন্য একটি বিশ্বাসযোগ্য এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল।সংস্থাটির কার্যকারিতার মধ্যে রয়েছে উচ্চশিক্ষায় মান এবং প্রাসঙ্গিকতা নিশ্চিতকরণ। লাভজনক কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য উদ্ভাবনী এবং সৃজনশীল মানব মূলধনের ক্ষেত্রে স্নাতকদের প্রতিযোগিতামূলকতা উন্নতকরণ। জাতীয় এবং বিশ্বব্যাপী স্নাতকদের স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধিকরণ, উচ্চশিক্ষার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করা ইত্যাদি।
শেয়ার করুন