বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবিতে মানববন্ধন

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন (প্রভাষক- আল কুরআন, আল হাদিস, দা’ওয়াহ, আরবি সাহিত্য ও আল ফিকহ) পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীরা বৈষম্য দূর করতে তিন দফা দাবি জানান এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। পরে ভিসি প্রফেসর ড. নকব মোহাম্মাদ নসরুল্লাহ, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও ডিনের বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- মাদরাসায় প্রভাষক পদে অন্যান্য বিষয়ের মতো আরবি ও ইসলাম শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের আবেদনে
ন্যূনতম যোগ্যতা স্নাতক ডিগ্রি নির্ধারণ করা, সহকারী মৌলভী পদে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিএড/এমএড-এর পূর্বশর্ত ব্যতিরেকেই ১০ম গ্রেডে বেতন প্রাপ্তির সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষার ব্যাপকতা ও মানদণ্ড বিবেচনায় কামিল স্তরে মুহাদ্দিস, মুফাসসির, আদিব ও ফকীহ বিষয়ে অন্তত ৪ জন করে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ প্রদান করা।
উল্লেখ্য, এনটিআরসিএর বিগত সার্কুলারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম উল্লেখ থাকলেও বর্তমানে বিভাগটির নাম পরিবর্তন করে ‘আল ফিকহ অ্যান্ড ল’ করার কারনে নতুন করে সংযোজন করা হয়নি। ফলে ক্ষোভ প্রকাশ করছে বিভাগটির শিক্ষার্থীরা।
শেয়ার করুন