ইবি সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভিন্ন আসনে লড়ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এগারো শিক্ষার্থী। আসনগুলো হলো- ঢাকা-০১, ঢাকা-০৬, জামালপুর-০১, জামালপুর-০২, জামালপুর-৪, চুয়াডাঙ্গা-০১, নেত্রকোনা-০৫, কুষ্টিয়া-৩, ঝিনাইদহ-১, নড়াইল-০১ এবং নওগাঁ-০৩।
সাবেক শিক্ষার্থীরা হলেন —আইন বিভাগের
১৯৮৭-৮৮ বর্ষের শিক্ষার্থী অ্যাডভোকেট আব্দুল আউয়াল (জামালপুর-৪), ১৯৯২-৯৩ বর্ষের শিক্ষার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম (ঢাকা-০১), ২০০১-০২ বর্ষের শিক্ষার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান (ঝিনাইদহ-১), ২০০২-০৩ বর্ষের শিক্ষার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-০১) ও মাসুম মোস্তফা (নেত্রকোনা-০৫), আল- কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯৮৫-৮৬ বর্ষের শিক্ষার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী (জামালপুর-০১) একই বর্ষের ড. সামিউল হক ফারুকী (জামালপুর-০২) ও ২০০৯-১০ বর্ষের শিক্ষার্থী মুফতি আমির হামজা (কুষ্টিয়া-৩)।
এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯৯৭-৯৮ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ আব্দুল মান্নান (ঢাকা-০৬), অর্থনীতি বিভাগের ১৯৯৬-৯৭ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান (নওগাঁ-০৩) এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০২-০৩ বর্ষের শিক্ষার্থী ওবায়দুল্লাহ কায়ছার (নড়াইল-০১)।
জানা যায়, প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান ব্যতিত শিক্ষাজীবনে অন্যরা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমাদের অ্যালামনাই জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন। আমরা আশা করছি যে, আমাদের ভাইয়েরা সব জায়গায় বিজয় অর্জন করবেন ও দেশের জন্য কাজ করবেন।
জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামীর নেতৃত্বে গড়ে উঠে ‘১১–দলীয় নির্বাচনী ঐক্য’। জোটে থাকা দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ লেবার পার্টি। চূড়ান্ত তালিকায়, জামায়াত ২২২টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৩৩টি, এনসিপি ও এবি পার্টি মোট ৩২টি, খেলাফত মজলিস ২০টি, এলডিপি ১২টি, খেলাফত আন্দোলন ৮টি, নেজামে ইসলাম ও বিডিপি ২টি এবং জাগপা ১টি আসনে প্রার্থী রেখেছে।

