ইবিতে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী
বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক, সিনিয়র প্রফেসর ড. আলিনুর রহমান। এছাড়া ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিল সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল উদ্দিন, আই আই ই আর পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান প্রমুখসহ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার অন্যতম ভিত্তি। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি নিজের অধিকার ও আত্মপরিচয়ের সংগ্রামে নতুন দিশা পেয়েছে। তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা শুধু আবেগের বিষয় নয়, এটি আমাদের সাংস্কৃতিক অস্তিত্ব ও বৌদ্ধিক বিকাশের পূর্বশর্ত।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়কে ভাষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শেষে তিনি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সকলকে মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শেয়ার করুন