ভাষা শহিদদের স্মরণে ইবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আজকের খবর ইবি

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনটির সভাপতি নাজমুল হোসেন, সহ-সভাপতি আসিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্কুল পরিচালক তানভির আহমেদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করে। তারা ভাষা আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে স্মৃতিচারণ করে।
এ সময় তারা শহীদ মিনার, জাতীয় পতাকা, মানচিত্রসহ বিভিন্ন চিত্রাঙ্কন করে।

এ বিষয়ে সংগঠনটির সহ-সভাপতি হাসিবুর রহমান বলেন, আজকের চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা শহীদ দিবসের ত্যাগ-তিতিক্ষা ও বাংলা ভাষার গুরুত্ব, তাৎপর্য শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা বুঝাতে চেয়েছি যে, শুধু মুখে নয় বরং চিত্রাঙ্কনের মাধ্যমেও আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। আমরা যদি দেশের অবহেলিত জায়গাগুলোতে অল্প করে হলেও কাজ করি তাহলে আমাদের এই বাচ্চারাই একদিন দেশের নেতৃত্ব দিবে ও আমাদের দেশের আগামী প্রজন্ম সুন্দর একটা দেশ পাবে।

শেয়ার করুন