ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ফাউন্ডেশন কর্ণারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এ অনুষ্ঠান আয়োজন করে লাইব্রেরি কর্তৃপক্ষ।
এসময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে প্রোভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ।
ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ জানান, কর্ণারে আরবী সাহিত্য, তাফসির, কুরআন ও হাদিস ও ইসলামী সাহিত্যের উপর মোট ১৭২৭ টি বই স্থান পেয়েছে, তবে ইসলামিক ফাউন্ডেশন কর্ণারের সম্প্রসারণ কাজ চলমান থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বাংলাদেশে ইসলামী বই প্রকাশনার ক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশন সবচেয়ে বেশি ভুমিকা রাখে। তারা আরবী সাহিত্য, তাফসির, কুরআন ও হাদীস নিয়ে অসংখ্য বই প্রকাশ করেছে। বিগত ১৭ বছরে তারা অনেক বই প্রকাশ করতে পারে নাই। এই প্রকাশনীর উদ্দেশ্য ছিলো ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসার। এটাই যদি ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরিতে না থাকে তাহলে কিভাবে ছাত্ররা ইসলামী প্রকাশনা সম্পর্কে জানবে! এজন্য আমি বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক ফাউন্ডেশন কর্ণার করার প্রস্তাব দিয়েছিলাম এবং তারা সেটা সাদরে গ্রহণ করেছে।
তিনি আরোও বলেন, ইসলামী সাহিত্যে অনেক আরবী বই আছে, কিন্তু বাংলা ভাষায় এই বইয়ের সংখ্যা অনেক কম তাই এগুলো আরো সহজলভ্য করতে ইসলামিক ফাউন্ডেশনের মতো প্রকাশনা গুলোর প্রসার জরুরি। এজন্য আমরা ইসলামিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

