গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
এবারের পরীক্ষায় পাসের হার ৬০.৫ শতাংশ। এতে সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে প্রথম স্থান  অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার
কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। অন্যদিকে, পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর -১৬.২৫ (মাইনাস ১৬.২৫)।
সোমবার (৬ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক তথ্যটি নিশ্চিত করেন।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, বি-ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৬ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৮২ শতাংশ। অন্যদিকে, অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৪৭ জন (১৮ শতাংশ)।
অংশগ্রহণকারীদের মধ্যে ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেয়ে পাসের তালিকায় স্থান করে নিয়েছেন ৪৬ হাজার ৬৩০ জন শিক্ষার্থী। বিপরীতে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩০ হাজার ৮৯ জন পরীক্ষার্থী, যা অংশগ্রহণকারীদের ৩৯ শতাংশ। এছাড়া রোল নম্বর এবং পরিচয়গত ভুলের কারণে ৩৬ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের রোল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া আগামী ১০ এপ্রিল গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন