ইবিতে স্বপ্নবিতানের তিন দিনব্যাপী ‘বৈশাখীয়ানা উৎসব’

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
বাংলা নববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত হচ্ছে তিনদিনব্যাপী বৈশাখীয়ানা উৎসব-১৪৩৩। রবিবার (১৯ এপ্রিল) থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন স্বপ্নবিতানের উদ্যোগে বটতলা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। সোমবার (২০ এপ্রিল) উৎসবের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিলো বটতলা প্রাঙ্গণ।
সরেজমিনে দেখা যায়, উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি প্রদর্শনীর পাশাপাশি উদ্যোক্তাদের মৃৎশিল্প, হস্তশিল্প ও বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বাহারি ব্যানারে স্টল সাজিয়েছেন। এতে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চমচম, ফরিদপুরের ভেলপুরি ও রসগোল্লাসহ বাহারি দোকান নিয়ে অংশ নিয়েছেন ক্যাম্পাসের তরুণ উদ্যোক্তারা।
এছাড়া চিত্তবিনোদনের জন্য নাগরদোলাসহ
বিভিন্ন আয়োজন দেখা গেছে।
আয়োজকবৃন্দ জানান, বৈশাখীয়ানা উৎসবে মোট ৩৩ টি স্টল ও ৫টি স্পন্সর রয়েছে।স্পন্সরকৃত ব্যবসায়ীরা ছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন জিনিসপত্রের স্টল দিয়েছেন। দ্বিতীয় দিনে লোকগান ও লোকসংস্কৃতির আয়োজন থাকছে এবং শেষ দিনে থাকবে ব্যান্ড সংগীত।
স্বপ্নবিতানের সভাপতি সায়েম আহমেদ বলেন, নতুন বছরকে বছর বরণ করে নেওয়ার জন্য স্বপ্নবিতান দ্বিতীয়বারের মতো নববর্ষকে বরণ করে নিতে আয়োজন করেছে ‘বৈশাখীয়ানা উৎসব-১৪৩৩। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা কাজ করছি। স্বপ্নবিতানে সংস্কৃতির যে অঙ্গনটি আছে, সেখানে মৌলিক বিষয়টি হলো সংস্কৃতির মাধ্যমে দেশপ্রেমকে তুলে ধরা। সে কাজটিই আমরা করছি। এ উৎসব উপলক্ষে আমরা উদ্যোক্তাদের জন্য মেলা এবং সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ লোকগান ও লোকসংস্কৃতির আয়োজন থাকছে এবং আগামীকাল থাকছে কনসার্ট। আমরা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের সবাইকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার আহ্বান জানাচ্ছি।
মেলায় ঘুরতে এসে উচ্ছাস প্রকাশ করে হৃদয় খান বলেন, গত বছরের ন্যায় এবছরও বৈশাখীয়ানা উৎসব হওয়ায় খুবই আনন্দিত। এখানে নতুন উদ্যোক্তাদের সুযোগ করে দেওয়া ও বাঙালি সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এটির ধারাবাহিকতা থাকা উচিত।
শেয়ার করুন