রাত পোহালেই ইবিতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব শুরু

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
দেশের শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘২য় আইইউএসসি জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৬’। আগামী সোমবার (১১ মে) ও মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ইসলামিক ইউনিভার্সিটি
সায়েন্স ক্লাব (আইইউএসসি) এর উদ্যোগে
পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং সোহান’স কোচিংয়ের সহযোগিতায়
এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রোভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া ‘গেস্ট অব অনার’ হিসেবে পূবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান ও চীফ প্যাট্রন হিসেবে সংগঠনটির উপদেষ্টা ও ইবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান আলী উপস্থিত থাকবেন।
উৎসবে প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট প্রেজেন্টেশন, সায়েন্স বিঙ্গো, ট্রেজার হান্ট, ফটোগ্রাফি প্রতিযোগিতা, রুবিক্স কিউব প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতাসহ বিভিন্ন জ্ঞানভিত্তিক আয়োজন থাকবে। এ ছাড়া থিয়েটার রুমে ৪ডি ও ৯ডি মুভি শোর ব্যবস্থাও রাখা হয়েছে।
উৎসবের প্রথম দিন ১১ মে সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সকাল ১০টায় একযোগে এক্সিবিশন হলে প্রজেক্ট শোকেস, সায়েন্স গ্যালারিতে পোস্টার প্রেজেন্টেশন, সেমিনার রুমে থ্রি মিনিট প্রেজেন্টেশন এবং ইনডোর গেমস রুমে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় মূল অডিটোরিয়ামে সায়েন্স বিঙ্গো এবং বিকেল ৪টায় থিয়েটার রুমে ৪ডি ও ৯ডি মুভি শো অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন ১২ মে সকাল সাড়ে নয়টায় পরীক্ষা হলে বিজ্ঞান অলিম্পিয়াড ও ইনডোর গেমস রুমে রুবিক্স কিউব প্রতিযোগিতা শুরু হবে। সকাল ১০টায় এক্সিবিশন হলে দ্বিতীয় দিনের প্রজেক্ট শোকেস এবং আর্ট গ্যালারিতে ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় ক্যাম্পাসজুড়ে ট্রেজার হান্ট এবং বিকেল ৪টায় মুভি শো অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টায় মূল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।
আয়োজকরা জানান, আমাদের দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার সংস্কৃতি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই উৎসব সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
শেয়ার করুন