ইবি সংবাদদাতা:
“সম্প্রীতির বন্ধনে, সৌহার্দ্যের স্পর্শে- একসাথে গড়ি স্মরণীয় কিছু মুহূর্ত” স্লোগানকে সামনে রেখে গেট টুগেদার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী বিভাগের ৩২তম থেকে ৩৮তম ব্যাচের শিক্ষার্থী নিয়ে এ অনুষ্ঠান পালন করে বিভাগটি।
জানা যায়, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ ভবনের ক্লাস কক্ষে চড়ুইভাতি ও বিকেল ৪টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। এসময় একক ও দলীয় গান, নৃত্য, অভিনয়-সহ নানা সেগমেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন, সাবেক কোষাধ্যক্ষ ও বিভাগের প্রফেসর ড. সেলিম তোহা, প্রফেসর ড. মাকসুদা আক্তার, প্রফেসর ড. আরমিন খাতুন ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. আবদুস সামাদ-সহ আড়াই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগের ৩৪ ব্যাচের শিক্ষার্থী নাজমুল করিম অর্নব ও ৩৬ ব্যাচের শিক্ষার্থী পরশ প্রভা শিকদারের সঞ্চালনায় স্বাগত ও সমাপনী বক্তব্য প্রদান করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন। এছাড়া আয়োজন নিয়ে বিভাগের অন্য শিক্ষকবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করেন।
আয়োজন সম্পর্কে শিক্ষার্থীরা জানান, নিজেদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন জোরদার করা ও স্মৃতিগুলোকে রঙিন করে তুলতেই এই মিলনমেলার আয়োজন। এর মাধ্যমে আমাদের বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হবে বলে মনে করি।
অনুষ্ঠানে প্রফেসর ড. সেলিম তোহা বলেন, আজকের অনুষ্ঠান একদম অনবদ্য, অনন্য হয়েছে। মিউজিকের তালে তালে গান গাওয়া যত সহজ জীবনের গান গাওয়া, জীবনের নৃত্য অতোটা সহজ না। আজকে তোমরা যেসব পারফর্ম করেছো সবকিছু মিলিয়ে জীবনের অধ্যবসায় এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। তোমরা তোমাদের পরিবারকে সমৃদ্ধ করবে, বিভাগকে সমৃদ্ধ করবে। সর্বোপরি এই বিশ্ববিদ্যালয় এবং দেশপ্রেমের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করবে বলে আশা করি।
বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন বলেন, প্রথমেই আয়োজক এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রামের নাম শুনেই বুঝতে পারছো যে, সিনিয়র জুনিয়র সকলের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষ্যে এই প্রোগ্রাম। আমরা একই পরিবারের মানুষ। এজন্য সকলকে একে অপরের সাহায্য সহযোগিতা করতে হবে যাতে বিভাগের ক্রমবর্ধমান সাফল্য চলতে থাকে।

