ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় তদন্ত ও শাস্তি নির্ধারণী উপ-কমিটি

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীন শিক্ষার্থীদেরকে র‍্যাগিংয়ের অভিযোগে অধিকতর তদন্ত ও শাস্তি নির্ধারণে চার সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক ও প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নবগঠিত উপ-কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনুয়ারিং বিভাগের
প্রফেসর ড. জালাল উদ্দিন, সদস্য-সচিব সালাউদ্দিন মোল্লা, সদস্য ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম ও আইন বিভাগের প্রফেসর ড. মাকসুদা আক্তার।
এ বিষয়ে কমিটির আহ্বায়ক প্রফেসর ড. জালাল উদ্দিন বলেন, “আগামী শনিবারে আমি কমিটির একটি মিটিং ডেকেছি। সেখানে আমরা একত্রিত হয়ে আলোচনা করে আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব।”
প্রসঙ্গত, ইবির ট্যুরিজম বিভাগে ‘ম্যানার শেখানো’র নামে নবীনদের অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের ভাষ্য মতে, তাদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা, ল্যাম্পপোস্ট গণনা, মুখে ময়লা পানি ধরে রাখা, মেসের রুমে জোরপূর্বক ধূমপান এবং নির্মাণাধীন ১০ তলার ছাদে তুলে ভিডিও চিত্র ধারণের মতো ঘটনা ঘটে। এমনকি এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি ও ঘটনা ধামাচাপা দিতে আবাসিক হলে রাজনৈতিক ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীরা লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত ও জড়িতদের শাস্তি নির্ধারণে এ উপ-কমিটি গঠিত হয়।
শেয়ার করুন