ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের এক কর্মী কর্তৃক শিবির নেতাকে চড় মারার ঘটনায় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কমিটিতে আহৃবায়ক হিসেবে রয়েছেন- লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। কমিটির সদস্য্যরা হলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, ফলিত রাসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।
প্রসঙ্গত, শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিবির নেতাকে ছাত্রদল কর্মীর চড় মারার ঘটনা ঘটে। তবে উভয় পক্ষ সমাধানের উদ্দেশ্যে প্রভোস্ট কক্ষে বসলেও হলের বাইরে দুই পক্ষের নেতাকর্মীদের ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের সহায়তায় অভিযুক্তকে হল থেকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এসময় প্রক্টরের গাড়িতে ইট মেরে গ্লাস ভাংচুর করে শিবিরের নেতাকর্মীরা। এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দিয়ে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করে ও জিয়া মোড়ে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে প্রধান ফটকের সামনে অবস্থান নেয় ছাত্রদল ও বহিরাগত বিএনপির নেতাকর্মীরা। এসময় অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা, ছুরি ও হাতুড়ি দেখা যায়। পরে সেখানে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

