ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার বিভাগে নতুন বিভাগীয় সভাপতি নিয়োগ দিয়েছে প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক চার অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
এতে ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীন, ফার্মেসি বিভাগের সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়, ফাইন আর্টস বিভাগের সভাপতি হিসেবে সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির নিয়োগ পেয়েছেন।
অফিস আদেশ সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী তাদের ১৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য সংশ্লিষ্ট বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাবকে সভাপতির দ্বায়িত্ব দিয়েছে প্রশাসন।
জানা যায়, ল’ অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা গত ২৫ আগস্ট সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দিয়ে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভাগের সভাপতির দায়িত্ব দিয়েছে প্রশাসন

