ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড এ কে এম মতিনুর রহমান। জানা যায়, লোকপ্রশাসনের সাথে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে লোকপ্রশাসন ১-০ গোলে ট্যুরিজমকে হারিয়ে জয়ী হয়
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রম সচল রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত চরিত্র গঠন এবং দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের চরিত্র গঠনের পাশাপাশি জাতি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে-এটাই আমাদের প্রত্যাশা।

