নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার জুম্মার নামাজ শেষে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া জামে মসজিদের সামনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু।
এদিন বাদ মাগরিব শহর যুবদলের উদ্যোগে ১০ ও ৮ নম্বর ওয়ার্ডে মিছিল ও প্রচারপত্র বিতরণ করা হয়। এছাড়া রাত ৮টার দিকে হরিপুরে ছাত্রদলের অফিস উদ্বোধন ও প্রচারপত্র বিতরণ এবং রাত ৯টার দিকে শহরের ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনী অফিস পরিদর্শন করেন তিনি।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ধানের শীষের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন তিনি। এসময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
প্রচারণাকালে এ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “এই দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র আজ বন্দী। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার, ন্যায়বিচার ও মুক্তির প্রতীক। কুষ্টিয়ার মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এবারও তারা ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের দুঃখ-কষ্ট বুঝে তাদের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি। ইনশাআল্লাহ, জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ধানের শীষ বিজয়ী হবে।”
এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

