কুষ্টিয়া প্রতিনিধিঃ
জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া পৌরসভার ১৩নং ওয়ার্ডে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
বুধবার বিকেলে কুষ্টিয়া পৌর ১৩নং ওয়ার্ডের বারখাদা উত্তরপাড়া এলাকায় এই গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এবং নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বাড়ি-বাড়ি ও দোকানপাটে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু, জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সাধারণ সম্পাদক আজমত আলী খান মনি, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী, বিজেপি কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান সোহাগ, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামসুল আলম, ১৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি মেহেদী হাসান, সদর উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) এর সভাপতি সুজাউদ্দৌলা রাজু, শহর শাখার আহ্বায়ক নাজমুল হাসান খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “এই নির্বাচন শুধু একটি ভোটের নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং জনগণের ভবিষ্যৎ পুনরুদ্ধারের নির্বাচন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।”
জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু বলেন, “দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা জাতীয় পার্টি (কাজী জাফর) পরিবার সবসময় জনগণের পক্ষে ছিলাম, এবারও ধানের শীষের বিজয়ে আমরা মাঠে আছি।”
সাধারণ সম্পাদক আজমত আলী খান মনি বলেন,
“বারখাদা উত্তরপাড়া এলাকায় মানুষ পরিবর্তন চায়। জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে ধানের শীষকে বিজয়ী করতেই হবে।”
প্রচারণা শেষে নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

