ইবি সংবাদদাতা:
নবম পে-স্কেল বাস্তবায়নে প্রহসনের প্রতিবাদ ও বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মচারীরা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসন চলছে। আমরা ন্যায্য অধিকার চাই, দয়া নয়। বৈষম্য নিরসন করে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।”
আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সিনিয়র সদস্য আব্দুর রহিম বলেন, আমাদের একটাই দাবি- নবম পে-স্কেল বাস্তবায়ন। ইতিপূর্বে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে ১১ থেকে ২০ গ্রেডে বৈষম্য রয়েছে। সেই বৈষম্য দূর করে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে বাস্তবায়ন করতে হবে। তা না হলে ৬ ফেব্রুয়ারি সারা দেশে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, যা যমুনা মুখে শেষ হবে।

