ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পোষ্য কোটা ও আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ভর্তির কোটা বাতিলসহ তিন দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, সাব্বির, রোকনুজ্জামানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাদের দাবিগুলো হলো, সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্টাডিজ এবং বাংলাদেশ স্টাডিজ কোর্স দুটি নন-ক্রেডিট কোর্স হিসেবে বহাল রাখতে হবে।
আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে ভর্তিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ৫০% কোটার সিদ্ধান্ত বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পূর্ণ ডিজিটালাইজড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া স্মারকলিপি প্রদানকালে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিলেরও দাবি জানান নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এ দাবিসমূহ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত, আধুনিক ও সমতা ভিত্তিক হবে।
ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন থেকে আর কোনো নন-ক্রেডিট কোর্স থাকবে না। তাই এই দুটি কোর্স ক্রেডিট কোর্স হিসেবেই থাকছে। যেহেতু এটা ইসলামী বিশ্ববিদ্যালয়, তাই কিছু ইসলামিক জ্ঞান সবারই অর্জন করার জন্য এই সিদ্ধান্ত। তবে এই কোর্সে নামাজ, রোজা হজ্জ, জাকাত এগুলো শেখানো হবে না। বরং তাঁদেরকে ইসলামের মধ্যকার কিছু নৈতিকতার ব্যাপারে জ্ঞান প্রদান করা হবে।
তিনি আরও বলেন, প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজড করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করা শুরু করছি। আল-ফিকহ্ এ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৫০% কোটার সিদ্ধান্ত বাতিল করতে হলে ইউজিসিতে আলোচনা করতে হবে। এছাড়া পোষ্য কোটা বাতিলের বিষয়ে তিনি বলেন, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকায় আমরা এটা বাতিল করতে পারছি না। তবে এটা নিয়ে আমরা আলোচনা করব।

