জাপানের ইয়ামাগুচি ও ইবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আজকের খবর ইবি
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের সঙ্গে জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও  থার্মোটলারেন্ট মাইক্রোবিয়াল রিসোর্স গবেষণা কেন্দ্রের একাডেমিক ও শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক গবেষণা উন্নত করার লক্ষ্যে  সমোঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভাগটির সভাপতি প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামাল ও জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. ইয়াসুওমি ইবারাকি ও থার্মোটলারেন্ট মাইক্রোবিয়াল রিসোর্সেস গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. হিশাশি হোশিদার  স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সমোঝোতা স্মারকের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদের জন্য করা হয়। সমোঝোতা চুক্তিটি ইবি ও ইয়ামাগুচি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন আধুনিক বিষয়ে যৌথ গবেষণার সুযোগ তৈরি করবে। এর মধ্যে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মেডিসিন, বায়োইনফরমেটিক্স এবং কৃষি বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো অগ্রাধিকার পাবে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সমঝোতা স্মারকটির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারস্পরিক বিনিময় ও শিক্ষা সফরের সুযোগ তৈরি করা, শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদান, যৌথ উদ্যোগে সেমিনার, কর্মশালা ও সিম্পোজিয়াম আয়োজন এবং বৈজ্ঞানিক তথ্য ও প্রকাশনা বিনিময়ের লক্ষ্যে  কাজ করা হবে। এছাড়া আন্তর্জাতিক অর্থায়নে যৌথ প্রকল্প বাস্তবায়নেও  ইবি এবং ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়।
শেয়ার করুন