ইবি সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জিয়া পরিষদ’। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনের ইবি শাখার সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলাম যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন। স্বাধীনচেতা পররাষ্ট্রনীতি, আল্লাহর প্রতি অবিচল আস্থা, সততা ও উন্নত জাতি গঠনের দর্শনের কারণে দলটি শুরুতেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। ১৯৮১ সালের ৩০মে জিয়াউর রহমানের মর্মান্তিক শাহাদাতের পর দেশব্যাপী দুর্দিনে সিনিয়র নেতাদের অনুরোধে দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে দীর্ঘ ৯ বছরের আপসহীন সংগ্রামের পর ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতন ঘটে এবং বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে আসে।
পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে দেশের রাষ্ট্র পরিচালনা করে। তবে পরবর্তীতে ‘ওয়ান-ইলেভেন’ ও দীর্ঘ সময়ের রাজনৈতিক পটপরিবর্তনে সৃষ্টি হওয়া স্বৈরাচারী ব্যবস্থার মুখে পড়ে দেশ। হাজার হাজার মামলা, গুম-খুন ও জেল-জুলুমের শিকার হন বিএনপির লাখ লাখ নেতাকর্মী।
নেতৃবৃন্দ আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে বিএনপি, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের রক্তক্ষয়ী ভূমিকা ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানায় বিএনপি।
বিবৃতিতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সদ্যপ্রয়াত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি ২০২৫ সালের ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই সাথে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার পর জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে।
এছাড়া বিএনপির গণতন্ত্র, দেশপ্রেম, সংগ্রাম, সাফল্য আর আধিপত্যবাদ বিরোধী ঐতিহ্যের এই দীর্ঘ পথ চলায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-সহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও দেশের আপামর জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানায় সংগঠনটি।

