ইবি শিক্ষিকা রুনার খুনি ফজলু জেলহাজতে

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুর রহমানকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ইবি থানা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গত ৪ মার্চ সংঘটিত হত্যাকাণ্ডের পর থেকে পুলিশি পাহারায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফজলুর রহমান। গত ৩১ মার্চ তাকে আদালতে উপস্থাপন করা হয়। আদালতের নির্দেশ মোতাবেক তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, শিক্ষিকা রুনা হত্যাকাণ্ডের মূল আসামি ফজলুর রহমান দীর্ঘদিন পুলিশ হেফাজতে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে ডাক্তার তাকে সুস্থ ঘোষণা করলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সে এখন পর্যন্ত কোনো কথা বলতে পারে না। যে কারণে তার কাছ থেকে এখনো বিস্তারিত তথ্যাদি পাওয়া যায়নি। তবে সে আহত অবস্থায় ডাক্তারের সামনে একটা লিখিত স্টেটমেন্ট দিয়েছিলেন। মামলাটি এখনো তদন্তাধীন আছে।
তিনি আরও বলেন, মামলার অন্য আসামিরা যেন দেশের বাইরে যেতে না পারে সেজন্য বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক আমরা ইতিমধ্যে ইমিগ্রেশনসহ বিভিন্ন স্থানে চিঠি প্রেরণ করেছি এবং তাদের সম্পর্কেও আমাদের মামলাটির তদন্ত চলমান আছে।
শেয়ার করুন