ইবি সংবাদদাতা:
জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান ২০২৪’-এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের শহীদ শাহরিয়ার খান আনাসের চিঠির স্মৃতিফলক উন্মোচন করেছে প্রশাসন। সোমবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলে এ ফলক উন্মোচন করেন ভিসি প্রফেসর ড. একেএম মতিনুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রোভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী। এসময় শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ ও নানা সাইদুর রহমান খান, উদযাপন কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক কর্মকর্তা-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচনকালে উপাচার্য ড. মতিনুর রহমান বলেন, শহীদ আনাসের চিঠি ফলক উন্মোচন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এর মধ্য দিয়ে সকলে চিঠিটি পড়ে জানতে পারবে আনাস দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে নিজেকে কীভাবে গড়ে তুলতে চেয়েছিল। আনাসের দেশপ্রেমের যে চিহ্ন আমরা চিঠিতে দেখলাম, তা আমাদের অনুপ্রাণিত করবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যতদিন দায়িত্বে থাকবে, ততদিন ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণে এই কর্মসূচিগুলো গুরুত্বের সাথে পরিচালনা করবে। নতুন আকাঙ্ক্ষিত বাংলাদেশ ও সমাজ বিনির্মাণে এই চিঠির প্রতিবদ্ধ বিষয়গুলো ধারণ করে আমরা সবাই যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারি, তাহলেই শহীদদের আত্মা শান্তি পাবে এবং তাদের আত্মত্যাগ সফল হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাস তাঁর মাকে একটি চিঠি লিখে সকালে রাজধানীর গেণ্ডারিয়ার ভাড়া বাসা থেকে বের হয়েছিলেন। রাজধানীর চাঁনখারপুলে পুলিশের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন।

