ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর সহযোগিতায় ‘পুঁজিবাজারে বিনিয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের ৪৩৫ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, আল-ফিকহ এন্ড ল’ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন, বিআইসিএম-এর সহকারী অধ্যাপক হাবিবুল্লাহ, প্রভাষক আদনান আহমেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের ইকোনমিক্স ক্লাবের সভাপতি ও সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান, অধ্যাপক ড. আবু রায়হান, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, সহকারী অধ্যাপক হুমায়ূন কবির, ড. শামীমা নাসরীন, অধ্যাপক ড. আরিফুল ইসলামসহ বিভাগটির অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সঞ্চালনায় করেন বিভাগের সহকারী অধ্যাপক মিথিলা তানজিল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, পুঁজিবাজার সংক্রান্ত পেশাদার জ্ঞানে আপনাদের অবশ্যই অভ্যস্ত হওয়া উচিত। পেশাদার ডিগ্রি বা পেশাগত শিক্ষা সবসময়ই মূল বিষয়ের ব্যবহারিক জ্ঞানের সাথে পরিচিত হতে সাহায্য করে। তত্ত্বীয় দিকগুলোর পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য এটি একটি বড় সুযোগ।
আমি মনে করি এটি শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত লাভজনক উদ্যোগ। আশা করি এই কর্মশালা থেকে সকলেই পুঁজিবাজার সংক্রান্ত ব্যবহারিক জ্ঞান অর্জন করবে।

